রাষ্ট্রপতি, শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ
মঙ্গলবার বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহ তায়ালার সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিদায়াতগ্রন্থ এবং জীবনবিধান। 

Advertisement

তিনি বলেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা ও আদর্শের প্রচার এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কোরআনের খেদমত অব্যাহত রাখা আমাদের ঈমানি দায়িত্ব।

মঙ্গলবার বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা, যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরো সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। 

আরো পড়ুন—নিধি রাজদানকে কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বিয়ে নিয়ে ধর্মীয় বৈধতার প্রশ্ন

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কোরআন কেন্দ্রিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দ্বীনি খেদমতকে আরো সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য এবং আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদের কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শোনেন এবং ক্বিরাত সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন। 

এ সময় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা যোবায়ের আহমাদ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ ও মাওলানা ক্বারী মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ এবং হাওয়ারিয়্যীন পরিষদ সমন্বয়ক মো: আল আমিন রাকিব তনয়।