ইলিশ মাছ, বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ সফলভাবে সম্পন্ন। নয়া দিগন্ত

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফল করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের আকাশপথ থেকে বিভিন্ন অঞ্চলে নজরদারি (Air Surveillance) মিশন পরিচালনা করে। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে আকাশপথে নজরদারি চালিয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান করা হয়।

Advertisement

বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার নদীগুলোতে, যশোর থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নদীগুলোতে এবং চট্টগ্রাম থেকে কুতুবদিয়া অঞ্চলের নদীগুলোতে আকাশপথে বিশেষ নজরদারি মিশন পরিচালনা করা হয়। 

উল্লেখ্য যে, ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার নদীগুলোতে নজরদারি মিশন পরিচালনার সময় মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীগুলোর জেলেদের মাছ ধরার নৌযান পরিলক্ষিত হলে হেলিকপ্টার থেকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) ব্যবহার করে ওই নৌযানকে সর্তক করা হয়। 

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) সংযুক্ত রয়েছে, যা অন্ধকারে দৃশ্যমানতা বৃদ্ধি করে এবং সন্ধ্যার পর মাছ ধরার নৌযানগুলো সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণে সহায়তা করে। 

এ ছাড়া, এসব মিশনে বিমান বাহিনীর এয়ারক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করেন, যা স্বল্প আলোতে কার্যকর নজরদারি এবং নিষিদ্ধ মাছ ধরার কার্যক্রম শনাক্তকরণে সহায়তা করে। আকাশ থেকে ভূমিতে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত এসব মিশনে মাঠপর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করা হয়।

উল্লিখিত অঞ্চলগুলো ছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী দেশের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে পরিচালিত প্রশিক্ষণ মিশনের আওতায় উপকূলীয় অঞ্চলের উপর ‘লো’ লেভেলে উড্ডয়নের মাধ্যমে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছে। 
বাংলাদেশ বিমান বাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় এসব মিশন পরিচালনার মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জাতীয় উন্নয়নে অবদান রাখছে। দেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে এবং জাতীয় স্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।