পোশাক কারখানা, শ্রমিক, স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ইন্টারনেট

পোশাক কারখানার শ্রমিকদের ঘরে ও কর্মস্থলে বা কারখানায় ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

তিনি বলেন, ‘এটা আন্দোলন নয়। শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না। শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সেটা হয়েছে। এখন যারা আন্দোলন করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। তারা ফ্যাসিবাদি গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। সেগুলো চিহ্নিত হয়েছে।

আজ সোমবার পোশাক শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ইচ্ছাকৃতভাবে সড়ক মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করছে, তারা অবশ্যই শ্রমিকের বন্ধু হতে পারে না এবং তাদের ভিন্ন স্বার্থ থাকতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনাদের মজুরির বিষয়টি মজুরি বোর্ড দেখছে। ওইখানে আপনাদের প্রতিনিধি আছে। মালিকদের প্রতিনিধি আছে। সবাই মিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখব। অর্থনীতি সচল থাকবে। কারখানা চালু থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিক নেতৃবৃন্দ এই ধর্মঘট আহবান করেনি। তবে তাদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা এবং সরকারের দিক থেকে সেই মজুরি বোর্ড গঠন হয়েছে। বোর্ডের কার্যক্রমও শুরু হয়েছে।

বৈঠকে শ্রমিক নেতাদের মধ্যে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বাবুল আখতার।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শ্রমিকরা কাজ করতে চায়। কিন্তু বহিরাগতরা এসে ঢিল মেরে ছুটি দিতে বাধ্য করে ও শ্রমিকরা রাস্তায় নেমে যায়।

বাবুল আখতার বলেন, ‘এতে কিছু বেতন না পাওয়া শ্রমিক আছে। আবার  উচ্ছেদ হওয়া হকার আছে, রাজনৈতিক লোকজনও আছে। কিছু শ্রমিক বাদ দিলে যাদের গ্রেফতার করা হয়েছে তারা আন্দোলনে ছিল না।’

তিনি জানান, শ্রমিক সংগঠনগুলো বসে শ্রমিকদের জন্য একটি প্রস্তাবনা চূড়ান্ত করে মজুরি বোর্ডের প্রথম সভাতেই উপস্থাপন করবেন।