আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান
কথা বলছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান। নয়া দিগন্ত

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।

Advertisement

রোববার রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, পরিবেশ ও সমাজকে ধ্বংস করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় যুক্ত থাকলে তরুণরা মাদক থেকে নিজেদের দূরে রাখতে পারবে। এ লক্ষ্যেই সরকার খেলাধুলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

আরো পড়ুন—খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আরব আমিরাত : কেন বললেন প্রেসিডেন্টের উপদেষ্টা

তিনি বলেন, খেলাধুলার উন্নয়ন ও প্রসারে খেলোয়াড়দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাততালি দিয়ে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে পারেন; কিন্তু খেলাধুলাকে এগিয়ে নেয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই পালন করতে হবে। ভলিবল ফেডারেশনকে সামনের দিকে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

আইনমন্ত্রী আরো বলেন, ভলিবল ফেডারেশনের সাথে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের উপস্থিতি আশাব্যঞ্জক। তাদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককে নিজ নিজ পছন্দের খেলায় অংশগ্রহণের সুযোগ ও উৎসাহ দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গঠনের ভিত্তি তৈরি করবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম, ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম প্রমুখ বক্তব্য রাখেন। 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশগ্রহণ করছে।