রাউজান উপজেলা যুবদল, যুবদল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হামলা, অভিযোগ, মিনহাজুল ইসলাম ভূইয়া, আবদুল মোনায়েম মুন্না, সংসদ সদস্য, মোহাম্মদ নূরুল ইসলাম, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড
সতর্কবার্তা চিঠি। সংগৃহীত
ads

রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছোটনকে চূড়ান্ত সতর্ক করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হামলা ও রক্তাক্ত করার মতো ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগে এ সতর্কবার্তা দেয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা দেয়া হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের নির্দেশক্রমে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, রাউজান উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, হামলা ও রক্তাক্ত করার মতো নিন্দনীয় ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। এ ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার অভিযোগ যুবদলের জন্য দুঃখজনক ও বিব্রতকর বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরো বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে সতর্কতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে তাদের চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।