বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

সম্প্রতি মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘বরেণ্য রাজনীতিবিদ, সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তিনি তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

তিনি বলেন, ‘সাবিহ উদ্দিন আহমেদ বাংলাদেশের জনপ্রশাসন, কূটনীতি ও রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ, নিষ্ঠাবান ও আদর্শনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ সরকারের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক দেশে কূটনীতিক হিসেবে দক্ষতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সাথে তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থ ও ভাবমূর্তি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

রাজনীতিতে সাবিহ উদ্দিন আহমেদের ভূমিকার কথা তুলে রাষ্ট্রপতি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী সাবিহ উদ্দিন আহমেদ সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আমৃত্যু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দলকে সমৃদ্ধ করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘দেশসেবা, সততা, রাজনৈতিক প্রজ্ঞা ও কর্মনিষ্ঠার যে দৃষ্টান্ত সাবিহ উদ্দিন আহমেদ রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’

রাষ্ট্রপতি মরহুম সাবিহ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ২০২২ সালের ৩১ অক্টোবর ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র : বাসস