মাদক, কিশোর গ্যাং, পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা। নয়া দিগন্ত

মাদক ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: সায়েদুর রহমান আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (সেপ্টেম্বর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এ নির্দেশ প্রদান করেন।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’‌।

তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে জনগণের সাথে মানবিক আচরণ করতে হবে। 

তিনি ডাকাতি মামলা রেকর্ড ও ঘটনা দ্রুত উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন। তিনি বলেন, ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারকি করতে হবে, যাতে বিচারে সাজার হার বাড়ে। এ ছাড়া, তিনি সার্বিকভাবে অন্যান্য মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। 

অতিরিক্ত আইজি বলেন, সমাজে ইতিবাচক ইমেজধারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে। 

সম্প্রতি সমাপ্ত শারদীয় দুর্গাপূজা নিরাপদে-নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় তিনি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরকে আইজিপির পক্ষে ধন্যবাদ জানান।

সভায় সেপ্টেম্বর, ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।