কম্বোডিয়া, বাংলাদেশ, বাংলাদেশী
কম্বোডিয়া সরকার বাংলাদেশীদের উদ্ধার করে দেশে ফেরার সুযোগ করে দেয়। বিবিসি

অবশেষে দেশে ফিরছেন কম্বোডিয়ার অভিবাসন পুলিশের হাতে আটক ৩০ বাংলাদেশী নাগরিক।

Advertisement

আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

অভিবাসন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ এক বিবৃতিতে জানিয়েছেন, ওই ৩০ বাংলাদেশী কাজের আশায় বিভিন্ন সময় কম্বোডিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর কিছু চক্র তাদের আটকে রেখে স্ক্যামের মতো বেআইনি কাজ করতে বাধ্য করতো।

এক পর্যায়ে কম্বোডিয়া সরকার তাদের উদ্ধার করে দেশে ফেরার সুযোগ করে দেয়। কিন্তু গত ৩ সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানকার ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বন্দিশালায় পাঠায়।

ঘটনাটি জানার পর ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ আটক বাংলাদেশীদের মুক্তি নিশ্চিত করে দ্রুত দেশে ফেরানোর দাবি জানায় বাংলাদেশ সরকারের কাছে।

এর পরিপ্রেক্ষিতেই প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠানো হয়, যেখানে বন্দি ৩০ বাংলাদেশী নাগরিকের দ্রুত মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়।

এরপর থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সহায়তায় আটক বাংলাদেশীরা মুক্তি পেয়েছেন এবং মঙ্গলবার দেশে ফিরে আসছেন বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে।

সূত্র : বিবিসি