
রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করেন। এদিন সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
এর আগে, বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে দিকে এয়ারপোর্ট গোলচত্বরে শ্রমিকরা সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান শ্রমিকরা।
শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে।
এদিকে অবরোধের কারণে গণপরিবহনে আটকে পড়েছেন অনেক যাত্রী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে বাস থেকে নেমে হেঁটেই রওনা হন। এতে কর্মস্থলগামী মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েন।
শ্রমিকদের অবরোধের কারণে উত্তরার আজমপুর ও আশপাশের এলাকায় যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথে চলাচল এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
তবে শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের বক্তব্য এবং অবরোধ নিরসনে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








