
রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ার নামের একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট বিকেল ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ২৬ তলা ভবনটির ২৩ তলায় একটি বায়িং হাউজের অফিসে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।








