
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে প্রশাসন। এতে উপজেলার অফিসপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে কাচের বোতলের ভাঙা টুকরো ও দেয়ালে পোড়া দাগ পাওয়া গেছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলা প্রশাসন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বিষয়টি তদন্ত করছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় যুব উন্নয়ন অফিসের সামনে বিস্ফোরণের আলামত দেখতে পান সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মচারীরা। বিষয়টি নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ থানায় সাধারণ ডায়েরিটি করেন।
জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অফিস ছুটির পর সমবায় অফিসের অফিস সহায়ক নাজমুল হক কচি কলাপসিবল গেট বন্ধ করে কার্যালয় ত্যাগ করেন। এরপর ২৭ ও ২৮ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় অফিসগুলো বন্ধ ছিল।
রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সাজেদুল করিম গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে কাচের বোতলের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখেন। পাশাপাশি দেয়ালের কিছু অংশ পুড়ে কালো দাগ হয়ে থাকতে দেখা যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী মতিউর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি ইউএনওকে জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা-পুলিশকে অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বিস্ফোরণের সাথে জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা পরিষদ চত্বরে গ্রামপুলিশ ও তার কার্যালয়ের নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। তবে তারা এ ঘটনার বিষয়ে কিছুই বুঝতে পারেননি।
ইউএনও জানান, রাতে বেশ কয়েকবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ না থাকার সময় ঘটনাটি ঘটে থাকতে পারে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সিসিটিভি ফুটেজেও ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









