শামা ওবায়েদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, নারী শান্তি ও নিরাপত্তা, ডব্লিউপিএস, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংগৃহীত

শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহবান জানান। ফিলিপাইন, ইতালি এবং জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইম্যান) যৌথভাবে বৈঠকটির আয়োজন করে।

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠকে এর বাস্তবায়ন ও জবাবদিহিতার ওপর মূল আলোকপাত করা হয়।

২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে এই প্রস্তাবের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করে শামা ওবায়েদ শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তগুলোতে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করা, শান্তি আলোচনায় আরো বেশি নারী অন্তর্ভুক্ত করা এবং জলবায়ু ও মানবিক পদক্ষেপে ডব্লিউপিএস অ্যাজেন্ডাকে অন্তর্ভুক্ত করার জন্য দেশগুলোর প্রতি আহবান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে তাদের দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করছে।

এছাড়া, নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপব্যবহারের বিষয়গুলো মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’ তুলে ধরেন তিনি। একইসাথে জাতিসঙ্ঘ সদস্য রাষ্ট্রগুলোকে এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস