স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ কর্মকর্তা, রদবদল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়। ইন্টারনেট

বাংলাদেশ পুলিশের সর্বশেষ রদবদলে উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ ১৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে অতিরিক্ত ডিআইজি হিসেবে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে। সেই সাথে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল কার্যালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট করা হয়েছে। পাশাপাশি ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি আনিসুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। একই মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার ও এআইজি পদমর্যাদার আরো নয় কর্মকর্তাকে বিভিন্ন জেলা ও কার্যালয়ে পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপন দু’টিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র : ইউএনবি