
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সোমবার ২ শতাংশের বেশি বেড়েছে। গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর ডলারের ঊর্ধ্বগতিতে বিরতি আসায় আবারো ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতু। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এসব তথ্য থেকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণের বিষয়ে আরো ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স সোমবার (২৩ নভেম্বর) এ খবর জানায়। সংস্থাটির তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৬০৪ ডলার ৭৯ সেন্টে দাঁড়ায়। শুক্রবার স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। গত সপ্তাহজুড়ে দাম কমেছে ৯ শতাংশ। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর কঠোর নীতির সম্ভাবনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শেয়ারবাজারে দরপতনের কারণে কিছু বিনিয়োগকারী নগদ অর্থ সংগ্রহের জন্য স্বর্ণ বিক্রি করায় এই পতন ঘটে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৩ হাজার ৬০৪ ডলার ২০ সেন্ট।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, গত সপ্তাহের বড় দরপতনের পর সোমবারের এই উত্থানকে স্বর্ণবাজারের স্থিতিশীল হয়ে ওঠার চেষ্টা বলা যায়। দুর্বল হয়ে পড়া ডলারও এতে সহায়তা করেছে। দীর্ঘ মেয়াদে বিনিয়োগের ঝুঁকি কমাতে স্বর্ণের গুরুত্ব এখনো অটুট। তবে স্বল্প মেয়াদে বাজারে অস্থিরতা বেশি থাকতে পারে।
ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায় থেকে কিছুটা নেমে এসেছে। ডলারের দর কমলে অন্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণসহ অন্যান্য ধাতু কেনা তুলনামূলক সস্তা হয়।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে বাজারে ধারণা রয়েছে। তবে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর আশঙ্কা কমেছে। সুদের হার বাড়লে কোনো মুনাফা বা সুদ দেয় না—এমন স্বর্ণের মতো সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফেডের মূল্যস্ফীতি পরিমাপের প্রধান সূচক ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের অক্টোবরের তথ্য বুধবার প্রকাশিত হওয়ার কথা।
এদিকে, শুক্রবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া রুপার দাম সোমবার ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ ডলার ৩০ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩১১ ডলার ৫১ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৯৯ ডলার ৭৩ সেন্টে দাঁড়িয়েছে।
ওসিবিসির মূল্যবান ধাতুবিষয়ক কৌশলবিদ ক্রিস্টোফার ওং এক বিশ্লেষণী নোটে বলেন, স্বর্ণের দাম স্থিতিশীল হলে এবং ডলার ও সুদের হারের পরিস্থিতি অনুকূলে এলে রুপার বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ আবারো বাড়তে পারে। সে ক্ষেত্রে রুপার দাম আরো দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তবে তার আগে রুপার দামের বেশি ওঠানামার প্রবণতা যেমন ঝুঁকি তৈরি করছে, তেমনি সুযোগও তৈরি করছে। তিনি আরো বলেন, মধ্য মেয়াদে প্যালাডিয়ামের চেয়ে প্লাটিনামকেই বেশি পছন্দ করছেন তারা। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগকারীদের সম্পদ বিক্রির প্রবণতার কারণে দুটি ধাতুর দামই চাপে থাকতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









