জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নয়া দিগন্ত

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো: আলীমুল আমীন। এর আগে এ পদে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো: নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) দুই কর্মকর্তাকে তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ ও প্রত্যাবর্তনের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল মো: আলীমুল আমীনকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, মেজর জেনারেল মো: নুরুল আনোয়ারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্র : বাসস