রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩
রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি-৩)।

এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ঢাকা শহরসহ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা, কেপিআইসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা এবং প্রধান সড়কগুলোতে চেকপোস্ট ও তল্লাশি অভিযান, টহল এবং মোটরসাইকেল টহল জোরদার করা হয়েছে।

অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং নাশকতা ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। তবে সাধারণ মানুষের চলাচল যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে এসআরবি-৩ দায়িত্ব পালনরত সদস্যদের নির্দেশনা দিয়েছে।

বাড়তি টহল ও চেকপোস্টের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। এসআরবি-৩-এর ফিল্ড ইন্টেলিজেন্স দলের সদস্যরা অপরাধী চক্রগুলোর ওপর নজরদারি অব্যাহত রেখেছেন।

জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এসআরবি-৩-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি। ইউএনবি