মাইগভ প্ল্যাটফর্ম, ক্যান্টনমেন্ট বোর্ডের ডিজিটাল সেবা, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতর, অনলাইন নাগরিক সেবা, ১৯টি মৌলিক সেবা
কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে মাইগভের মাধ্যমে নাগরিক সেবা। সংগৃহীত

নাগরিক সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে দেশের সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের উদ্যোগে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম ও আইসিটি বিভাগের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

Advertisement

প্রচলিত ব্যবস্থায় নাগরিক সেবা পেতে সেবাগ্রহীতাদের ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হতো। আবেদন দাখিল, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ এবং সনদ সংগ্রহসহ সব কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। একটি সেবা নিতে একাধিকবার যাতায়াতের প্রয়োজন হওয়ায় অতিরিক্ত অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি কখনো কখনো অযাচিত ভোগান্তিরও শিকার হতে হতো সেবাগ্রহীতাদের।

নাগরিকদের যাতায়াত, সময় ও ব্যয় কমিয়ে সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুইটি নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে পাইলট কার্যক্রম শুরু হয়। পাইলট কার্যক্রম সফল হওয়ার পর অবশিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চ মাসে তিনটি সেবা বিশ্লেষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মশালায় ৬৩ ধরনের নাগরিক সেবা পর্যালোচনা ও বিশ্লেষণ করে ডিজিটালাইজেশনের জন্য ১৯টি মৌলিক সেবা চিহ্নিত করা হয়। এসব সেবার বিপরীতে বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য তৈরি করা হয় ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম।

পরবর্তী সময়ে, ২০২৬ সালের জুন ও জুলাই মাসে সাতটি অঞ্চলভিত্তিক ভ্যালিডেশন কর্মশালার মাধ্যমে অনলাইন আবেদন ফর্ম, সেবা ফি, সেবার কার্যপ্রবাহ ও টেমপ্লেট যাচাই করে চূড়ান্ত করা হয়।

এরপর আগস্ট ও সেপ্টেম্বর মাসে সব ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারসহ মোট ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়।

বর্তমানে ১৯টি মৌলিক সেবার বিপরীতে তৈরি ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম মাইগভ প্ল্যাটফর্মে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে সেবা ফি পরিশোধের পাশাপাশি কিউআর কোড সংবলিত সনদ বা সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অনলাইনে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেবা সম্পর্কে মতামত দেয়ার সুযোগও থাকছে।

অন্যদিকে, ক্যান্টনমেন্ট বোর্ডগুলো একই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ, যাচাই, তদন্ত, প্রক্রিয়াকরণ ও চূড়ান্ত নিষ্পত্তি করতে পারবে। এতে দাফতরিক কার্যক্রমে গতিশীলতা আনা, কাগজনির্ভরতা কমানো এবং সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করার সুযোগ সৃষ্টি হবে।

বর্তমান সরকারের সেবা সহজীকরণ ও ডিজিটাল রূপান্তরের অগ্রাধিকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবাগুলো মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির মাধ্যমে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।