
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। একইসাথে রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি চার হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৫০০ টাকা।
সনদ উত্তোলনের ফি অপরিবর্তিত রয়েছে। এছাড়া পূর্বনির্ধারিত ফি অনুযায়ী যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের জমা দেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হবে।
এর আগে, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বঘোষিত বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি চার হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া স্নাতকের সনদ ফি ৫০০ টাকা, স্নাতকোত্তরের ৭০০ টাকা, এমফিলের এক হাজার টাকা ও পিএইচডির সনদ ফি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়।
অন্যদিকে, সান্ধ্যকালীন কোর্সের রেজিস্ট্রেশন ফি ছিল পাঁচ হাজার ৫০০ টাকা ও সনদ ফি এক হাজার টাকা।
এদিকে, এসব ফি নির্ধারণের পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি রেজিস্ট্রেশন ফি কমানো ও সময়সীমা বাড়ানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ফি কমানো এবং রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









