ইসরাইল, গোপন, পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্র
ডিমোনার কাছে নেগেভ পারমাণবিক গবেষণাকেন্দ্র। সংগৃহীত
ads

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একাংশ ইসরাইলের গোপন পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা দাবি করছেন। এদিকে, ইসরাইলের হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড বা বোমা রয়েছে। দেশটির পারমাণবিক অবকাঠামোয় বিনিয়োগ অব্যাহত থাকারও ইঙ্গিত মিলেছে। তবে ডিমোনার পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক নির্মাণকাজের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট ২৫ নভেম্বরে আরো জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) গবেষক হ্যান্স এম ক্রিস্টেনসেন ও ম্যাকেঞ্জি নাইট-বয়েল ১০ নভেম্বর ‘বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’ সাময়িকীতে প্রকাশিত এক মূল্যায়নে ইসরাইলের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আনুমানিক ৯০ বলে উল্লেখ করেন। ২০২১ সালের আগের হিসাবও অপরিবর্তিত রেখেছেন তারা। তবে দেশটির পারমাণবিক অবকাঠামোয় বিনিয়োগ অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছেন।

ইসরাইল কখনোই পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করেনি। কয়েক দশক ধরে দেশটি এ বিষয়ে ‘পারমাণবিক অস্পষ্টতা’ নীতি অনুসরণ করছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটও (সিপ্রি) ২০২৬ সালের বার্ষিক মূল্যায়নে ইসরাইলকে বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের অন্যতম হিসেবে চিহ্নিত করেছে।

ডিমোনায় নির্মাণকাজ নিয়ে প্রশ্ন

গবেষকেরা ডিমোনার কাছে নেগেভ পারমাণবিক গবেষণাকেন্দ্রে সাম্প্রতিক নির্মাণকাজ পর্যালোচনা করেছেন। গত কয়েক বছরে সেখানে উল্লেখযোগ্য নির্মাণ তৎপরতার খবর পাওয়া গেছে। তবে নতুন স্থাপনাগুলোর উদ্দেশ্য নিশ্চিত নয়। বাণিজ্যিকভাবে পাওয়া স্যাটেলাইটের ছবি দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারেও সতর্ক করেছেন গবেষকেরা।

ইসরাইল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ না দেয়া হাতে গোনা কয়েকটি দেশের একটি। মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানোর প্রশ্নে দেশটির এই অবস্থান দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয়।

ওয়াশিংটনে স্বচ্ছতার দাবি

গত মে মাসে টেক্সাসের কংগ্রেস সদস্য হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ৩০ জন আইনপ্রণেতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তির ভারসাম্য বুঝতে কংগ্রেসের আরো তথ্য প্রয়োজন বলে তারা উল্লেখ করেন। ইসরাইলের সক্ষমতা নিয়ে নীরবতা বজায় রেখে ওয়াশিংটন কীভাবে গোটা অঞ্চলে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে অভিন্ন নীতি অনুসরণ করবে, সে প্রশ্নও তোলেন তারা।

যুক্তরাষ্ট্রের এই নীতির সূত্র ১৯৬৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরাইলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে হওয়া কথিত সমঝোতা। ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের পর্যালোচনা করা অবমুক্ত নথি অনুযায়ী, এরপর থেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনগুলো ইসরাইলের পারমাণবিক নীতি প্রকাশ্যে চ্যালেঞ্জ করা থেকে বিরত থেকেছে। শর্ত ছিল, ইসরাইলও তার পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্পষ্টতা বজায় রাখবে।

ইসরাইলের দীর্ঘদিনের আনুষ্ঠানিক অবস্থান, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র আনার ক্ষেত্রে তারা প্রথম দেশ হবে না। তবে দেশটির পারমাণবিক অস্ত্রের সর্বশেষ হিসাবও স্বাধীন গবেষকদের মূল্যায়ন; ইসরাইলের পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই।