
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের যাতায়াত সহজ করতে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সাথে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিকে সরকার বিবেচনা করবে।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ কথা জানিয়েছেন। মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাতকালে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষিণ আফ্রিকায় ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বিশেষ করে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হলে প্রবাসী বাংলাদেশীদের যাতায়াত আরো সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে বৈঠকে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশী বসবাস করছেন। তাদের যাতায়াতের সুবিধা বিবেচনায় জোহানেসবার্গ ও কেপটাউনের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করবে।’
দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পর্যটনবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।
পর্যটন মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রাখে।’
তিনি আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সাথে পর্যটন খাতে সহযোগিতা বাড়ানো গেলে উভয় দেশের পর্যটক আদান-প্রদান, সাংস্কৃতিক বিনিময় ও পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় রশিদুজ্জামান মিল্লাত দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
সাক্ষাতকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









