জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ। সংগৃহীত ছবি
ads

সংঘাত চলাকালে মধ্যস্থতাকারী ও আলোচকদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে কাতারের উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইল। তেল আবিবের আশঙ্কা, প্রস্তাবটি পাস হলে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেয়া হামাস নেতাদের হত্যার ক্ষেত্রে ইসরাইলের সক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে। 

এই খসড়া প্রস্তাবে মধ্যস্থতাকারী, আলোচক, সহায়তা কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ওপর যেকোনো ধরনের হামলা, হুমকি ও সহিংসতাকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে। এতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ী মধ্যস্থতায় অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করে।

খসড়াটিতে ঔপনিবেশিক শাসন বা বিদেশী দখলের অধীনে থাকা জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি মধ্যস্থতার ক্ষেত্রে জাতিসঙ্ঘের মহাসচিবের ভূমিকা আরো বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

ইসরাইলি কর্মকর্তাদের আশঙ্কা, এই প্রস্তাবটি পাস হলে ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়তে পারে। 

তবে খসড়াটিতে ইসরাইল বা হামাসের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

এই প্রস্তাবটি এমন এক সময়ে এলো, যার এক বছরেরও বেশি সময় আগে ইসরাইল দোহায় হামাসের আলোচক দলকে হত্যার চেষ্টা করেছিল। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানীতে একটি আবাসিক এলাকায় ইসরাইল বিমান হামলা চালায়। সেখানে হামাসের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সমবেত হয়েছিল। 

হামাস জানিয়েছে, এই হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়ার ছেলে হাম্মাম আল-হাইয়া। এছাড়া কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও নিহত হন। তবে হামাসের শীর্ষ আলোচকরা অক্ষত ছিলেন।

হামাস আরো জানায়, এই হামলার লক্ষ্য কেবল তাদের প্রতিনিধি দলই ছিল না, বরং পুরো আলোচনা প্রক্রিয়াটিকে ধ্বংস করে দেয়া। 

আলোচনার মধ্যবর্তী সময়ে মধ্যস্থতাকারী একটি রাষ্ট্রের রাজধানীতে চালানো এই হামলার ঘটনা পুরো অঞ্চলে তীব্র নিন্দার জন্ম দেয়। এমনকি হোয়াইট হাউসও একে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করে।

ইসরাইলের বিরুদ্ধে ইরানের আলোচকদের হত্যার ষড়যন্ত্র করার অভিযোগও রয়েছে। জুলাই মাসে ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানায় যে, চলতি বছরের শুরুর দিকে আলোচনার সময় মার্কিন কর্মকর্তারা পরোক্ষভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সতর্ক করেছিলেন যে, ইসরাইল তাদের হত্যার চেষ্টা করতে পারে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল, ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পরবর্তী সপ্তাহগুলোতে ইসরাইল এই দু’জনকে হত্যার পরিকল্পনা করছিল। এই যুদ্ধবিরতিটি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের মধ্যকার লড়াই থামিয়েছিল। 

আলোচনায় জড়িত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ইসরাইলের দীর্ঘ ইতিহাস রয়েছে। ফিলিস্তিনে জাতিসঙ্ঘের প্রথম মধ্যস্থতাকারী সুইডিশ কূটনীতিক কাউন্ট ফোল্কে বার্নাদোটকে ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর জেরুসালেমে হত্যা করা হয়। নবগঠিত জাতিসঙ্ঘের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র চার মাস পরেই তিনি নিহত হন। এই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিল লেহির একটি দল, এতে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইৎঝাক শামিরও ছিলেন।

২০১২ সালের নভেম্বরে ইসরাইল হামাসের সশস্ত্র শাখার প্রধান আহমেদ জাবারিকে হত্যা করে। উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ইসরাইলি শান্তিকর্মী গারশোন বাসকিন জানান, একটি স্থায়ী যুদ্ধবিরতির খসড়া পাওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই জাবারিকে হত্যা করা হয়। যুদ্ধবিরতির খসড়া সম্পর্কে জানা থাকা সত্ত্বেও ইসরাইলি কর্মকর্তারা তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

২০২৪ সালের জুলাই মাসে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। তিনি চলমান যুদ্ধবিরতি আলোচনা এবং পণবন্দী মুক্তির আলোচনার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। ২৩ ডিসেম্বর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরাইলের দায় স্বীকার করেন। 

চীন সে সময় বলেছিল যে, এই হত্যাকাণ্ডের ঘটনা গাজা যুদ্ধবিরতি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

জাতিসঙ্ঘের প্রস্তাবের খসড়াটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার প্রাথমিক পর্যায় অতিক্রম করেছে, তবে এর চূড়ান্ত ভাষা নিয়ে এখনো আলোচনা চলছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর