ইসরাইলি পার্লামেন্ট
ইসরাইলি পার্লামেন্ট। সংগৃহীত ছবি
ads

ইসরাইলি পার্লামেন্ট (নেসেট) একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এর আওতায় যেসব আইনপ্রণেতা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করতে অস্বীকার করবেন, তাদের সংসদীয় অধিকার ও বেতন কেড়ে নেয়া হবে।

গত বুধবার (১৮ নভেম্বর) এই বিলটির অনুমোদন দেয়া হয়। তবে গাদি আইজেনকোটের জোট এবং আরব দলগুলো এই ভোটাভুটিতে অংশ নেয়নি।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লিকুদ পার্টির এমপি ওফির কাটজ এই বিলটি উত্থাপন করেন। এই বিলের পক্ষে ৪৮ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। তবে বিপক্ষে কোনো ভোট পড়েনি।

প্রস্তাবিত এই আইন অনুযায়ী, কোনো নেসেট সদস্য যদি হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকার করতে অস্বীকার করেন অথবা এ নিয়ে প্রশ্ন তোলেন, তবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মেনে না নেয়া পর্যন্ত তার সংসদীয় অধিকার ও বেতন কেড়ে নেয়া হবে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের আইনপ্রণেতারা এই অধিবেশন বর্জন করেছিলেন।

এক বিবৃতিতে ইয়াশার পার্টি এই বিল উত্থাপনকে একটি ‘রাজনৈতিক প্রহসন’ বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, লিকুদের প্রস্তাবিত কোনো আইন নিয়ে ভোটাভুটিতে তাদের জোটের দলগুলো অংশ নেবে না।

সূত্র : মিডল ইস্ট মনিটর