আটক
আটক সাগর দেবনাথ । নয়া দিগন্ত
ads

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় এ অভিযান চালানো হয়।

সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদস্যরা রামগড় থানা-পুলিশের সাথে যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের পরোলকগত জদু দেবনাথের ছেলে।

পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানা থেকে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে তাকে খাগড়াছড়ির আদালতে পাঠানো হবে।’