
সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ এক সপ্তাহে মোট ১১,৫৮৭ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৯,৫৮৯ জন অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে প্রাসঙ্গিক সরকারি সংস্থাগুলোর যৌথ পরিদর্শনের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী এই গ্রেফতার অভিযান পরিচালনা করে।
গ্রেফতারদের মধ্যে ৬,০৪৩ জন আবাসন আইন (রেসিডেন্সি ল), ৩,১৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২,৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। অভিযানকালে মোট ৯,৫৮৯ জন অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হয়েছে।
পাশাপাশি ২৩,১৯৩ জন লঙ্ঘনকারীকে ভ্রমণের নথি বা ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে এবং ৯,১৩৯ জনকে ভ্রমণের টিকিট বুকিং চূড়ান্ত করার জন্য পাঠানো হয়েছে। তবে তারা কোন কোন দেশের নাগরিক, তা বলা হয়নি।
সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে মোট ১,৬৭৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া দেশ ছেড়ে অবৈধভাবে পালানোর চেষ্টাকালে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, আশ্রয় এবং কর্মসংস্থানের সুবিধা দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে ৩৮,৮১৩ জন পুরুষ এবং ২,২৯৩ জন নারীসহ মোট ৪১,১০৬ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, দেশের অভ্যন্তরে পরিবহন সুবিধা দেয়, আশ্রয় বা অন্য কোনো সাহায্য-সেবা প্রদান করে, তবে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। একই সাথে অপরাধে ব্যবহৃত যানবাহন বা আশ্রয়ের বাড়িটি বাজেয়াপ্ত করা হবে।
সূত্র : সৌদি গেজেট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








