বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

ইসরাইলে বিকল্প সরকার গঠন বাধাগ্রস্ত করতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলা চালাতে পারেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এ সতর্কবার্তা দিয়েছেন।

Advertisement

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু এখন অনেকটা আহত পশুর মতো আচরণ করছেন এবং অন্য কোনো সরকার যাতে গঠিত হতে না পারে, সেজন্য তিনি ইরানে হামলার পথ বেছে নিতে পারেন।

বারাক আরো বলেন, ‘আমি পরিস্থিতির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারি। নেতানিয়াহু সেনাবাহিনীর চিফ অব স্টাফকে অন্ধকারে রেখে মোসাদের মাধ্যমে ইরানে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছিলেন।’

Advertisement

এর আগে চ্যানেল-১২-এর প্রতিবেদনে বলা হয় যে, ইরান-সংক্রান্ত একটি সামরিক অভিযান পরিচালনার নির্দেশ নিয়ে নেতানিয়াহু এবং চিফ অব স্টাফ ইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর ভেতরের কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, এই অভিযান তেহরানের সাথে উত্তেজনার পারদ বাড়িয়ে দিতে পারে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়, এই নির্দেশ বাস্তবায়নের আগে ইয়াল জামির রাজনৈতিক নেতাদের সাথে আরো আলোচনার সুযোগ এবং লিখিত অনুমোদনের অনুরোধ জানিয়েছিলেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর