
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আকাশে একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জানায়, সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ড্রোনটি ভূপাতিত করার কথা নিশ্চিত করেছেন। তবে ড্রোনটি কোথা থেকে পাঠানো হয়েছিল বা কে পরিচালনা করছিল, সে বিষয়ে জোটের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ইয়েমেনের হাউছি গোষ্ঠী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে। তবে সেই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার রিয়াদ ও পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বাজার পর হাউছিদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করার কথা জানায় জোট।
চলতি মাসের ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে অন্তত ১০টি পৃথক হামলা চালানো হয়েছে। এসব হামলায় ২০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এর মধ্যে এক কিং খালিদ বিমানবন্দরেই ৫টি হামলায় ১৮ জনের প্রাণহানি ঘটে। গত জুলাই মাস থেকে বেসামরিক বিমান চলাচল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হাউছি ও সৌদির মধ্যে সশস্ত্র সংঘাত নতুন করে তীব্রতর হয়ে উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








