স্পিকার হাফিজ উদ্দিনকে ঐতিহ্যবাহী সিন্ধি টুপি পরিয়ে সম্মান জানানো হয়
স্পিকার হাফিজ উদ্দিনকে ঐতিহ্যবাহী সিন্ধি টুপি পরিয়ে সম্মান জানানো হয়। সংগৃহীত
ads

পাকিস্তান সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং তার নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল দেশটির ঐতিহ্যবাহী সিন্ধি টুপি ও আজরাক (উত্তরীয়) পরেছেন। 

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সিন্ধ প্রাদেশিক পরিষদ পরিদর্শনের সময় প্রাদেশিক পরিষদের পক্ষ থেকে তাদের এ ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে সম্মাননা জানানো হয়।

এ দিন সিন্ধ প্রাদেশিক পরিষদে পৌঁছালে বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সিন্ধ প্রদেশের সংস্কৃতি ও আতিথেয়তার ঐতিহ্য অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিনিধিদলের সদস্যদের মাথায় নকশা করা ঐতিহ্যবাহী ‘সিন্ধি টুপি’ পরিয়ে দেয়া হয় এবং কাঁধে লাল রঙের ঐতিহ্যবাহী উত্তরীয় ‘আজরাক’ তুলে দেয়া হয়। এ সময় সিন্ধ প্রাদেশিক পরিষদের স্পিকারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উভয় পক্ষের মধ্যে স্মারক ক্রেস্ট বিনিময় করা হয়।

সিন্ধি টুপি ও আজরাক পরিহিত অবস্থায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সিন্ধ প্রাদেশিক পরিষদের আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘পাকিস্তানের স্পিকার ও প্রাদেশিক পরিষদের সদস্যদের আতিথেয়তায় আমি অভিভূত, তারা অত্যন্ত চমৎকার মানুষ।’

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি আরো বলেন, অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ভ্রাতৃত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে।