সৌদি আরব, হামলা
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশীসহ ১২ জন নিহত হয়েছে। ভিডিও থেকে নেয়া

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশীসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Advertisement

এর কয়েক দিন আগেই ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা ওই বিমানবন্দরটিতে অনুরূপ হামলার দায় স্বীকার করেছিল।

শনিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এ হামলায় চারজন সৌদি নাগরিক, দুইজন বাংলাদেশী এবং একজন করে আমেরিকান, মিসরীয়, জর্ডানিয়ান, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক নিহত হয়েছেন।

এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হাউছিদের ওপর হামলায় সৌদি আরবের সাথে যোগ দেয়া এবং ইরানের ওপর পুনরায় হামলা চালানোর বিষয়টি তিনি ‘খতিয়ে দেখবেন’।

এদিকে, এ হামলার নিন্দা জানিয়েছে কাতার, মিসর ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হাউছিদের আজকের হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে কাতার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হাউছি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে কাতার।’

মন্ত্রণালয়টি আরো উল্লেখ করেছে, ‘হাউছিদের এ হামলা অঞ্চলের নিরাপত্তা এবং বেসামরিক নাগরিক, বেসামরিক স্থাপনা ও বিমান চলাচলের সুরক্ষার জন্য সরাসরি হুমকি।’

কাতার আরো বলেছে, সৌদি আরবের নিরাপত্তা কাতারের নিজস্ব নিরাপত্তা এবং বৃহত্তর ‘গালফ কো-অপারেশন কাউন্সিলের’ ‘যৌথ নিরাপত্তা ব্যবস্থার’ একটি ‘অবিচ্ছেদ্য অংশ’।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই ‘নগ্ন হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলা আন্তর্জাতিক আইনের ‘ঘোর লঙ্ঘন’ এবং এর মাধ্যমে নাগরিকদের নিরাপত্তার প্রতি ‘অবজ্ঞা’ প্রদর্শন করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এসব হামলার মোকাবেলায় মিসর সৌদি আরবের পাশে রয়েছে এবং দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন করে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলাসহ সৌদি আরবের ওপর সাম্প্রতি হামলাগুলোর কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।

শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরব রাজ্যের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করছে।’

বিবৃতিতে আরো বলা হয়, সৌদি আরব তার নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ নিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র তার প্রতি সমর্থন জানায়।

সূত্র : আল জাজিরা, বিবিসি