ইয়েমেন, তাইজ, হাউছি, বোমাবর্ষণ, সরকারি বাহিনী,
হাউছি যোদ্ধারা। সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের পশ্চিমে হাউছিদের অবস্থানে সোমবার বোমাবর্ষণ করেছে দেশটির সরকারি বাহিনী। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সংঘাত আরো তীব্র হওয়ার মধ্যে এ হামলা চালানো হলো।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (২৮ সেপ্টেম্বর) জানায়, তাইজ সামরিক কমান্ডের গণমাধ্যম কেন্দ্র বলেছে, তাইজের পশ্চিমে আল-রুবাই এলাকায় হাউছিদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। হামলার বিষয়ে হাউছিদের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রোববার ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছিল, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ, লাহিজ ও আল-দালিয়া এলাকায় হাউছিদের সমাবেশ ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

২০১৪ সালে হাউছিরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর দেশটিতে সংঘাত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।

সেপ্টেম্বরে সংঘাত আরো তীব্র হয়েছে। এ সময় হাউছিরা আল-হুদায়দা ও তাইজ প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা শহরও রয়েছে। তারা বাব আল-মান্দাব প্রণালীর কাছে মায়ুন দ্বীপেও পৌঁছে গেছে।