
রোজার আগেই দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আমদানি ও পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সাথে বৈঠক করেন ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতিনিধিরা। বৈঠকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন তারা। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তেলের উৎপাদন খরচসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা, পাঁচ লিটারের বোতল ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার কথা বলা হয়েছে।
ব্যবসায়ীদের দাবি, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলার হয়েছে।
তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৭ লাখ ৫ হাজার টন। অর্থাৎ এ সময়ে ভোজ্যতেল আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।
এর আগে গত অক্টোবরে একই হারে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে সরকার তা নাকচ করে দেয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদির বৈঠকে বলেন, ‘সামনে রমজান এবং ইরান যুদ্ধের কারণে মানুষের জীবনযাত্রায় চাপ রয়েছে। এ অবস্থায় তেলের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তি ও মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। ব্যবসায়ীদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









