হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্বর্ণের চালান, স্বর্ণের বার উদ্ধার, স্বর্ণের বার, স্বর্ণ পাচার, কাস্টমস গোয়েন্দা, তদন্ত অধিদফতর, সিআইআইডি, গ্রিন চ্যানেল, কাস্টমস হল
স্বর্ণসহ আটক যুবক। নয়া দিগন্ত
ads

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য তিন কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে এ ঘটনা ঘটে।

সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সাথে তার সব লাগেজ স্ক্যান করা হয়।

পরে শরীরে অবৈধ কোনো বস্তু লুকানো আছে কি না, তা পরীক্ষা করতে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।