
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেফতার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
যাত্রাবাড়ী থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন মো: আজমল (৪০), মো: সোলাইমান (৪০), মো: শান্ত (২৪), মো: জসীম উদ্দিন (২২), সজিবুর রহমান আকবর (১৯), মো: ইকবাল মিয়া (৩৬), মো: তানভীর আহমেদ (১৮), মো: রাশেদ (১৮), রকি আহমেদ সাগর (২৪), আলমগীর (৪৭), শরীফ (২৫), সালাম (৩২), মো: কালু মিয়া (৩৬), সুমন্ত (৪২), মো: ফরহাদ (৩৯), অপু (২৫), ভূঁইয়া (২৬), সাদ্দাম হোসেন (৩২), ইয়াছিন (২২), চাঁন মিয়া (৪৮), মো: ফজলান (৪৬), মো: আব্দুল করিম (৪৫), গোলাম রাব্বী (১৮), মো: ছিদ্দিক (৪৬), মিনু (৪০) ও শিল্পী বেগম (৫০)।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় এসআরবি-১০-এর একটি দল যাত্রাবাড়ী থানার আউটফল স্টাফ কোয়ার্টার্সের একটি পরিত্যক্ত ভবনের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি ভুট্টো, নাজির, আরমান ও আরিফ নামে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৪৫ পিস ইয়াবা, ১২৯ পুরিয়া হেরোইন, দু’টি বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির এক হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
এজাহারে আরো বলা হয়, এ সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে তাদের স্বজনসহ অজ্ঞাত পরিচয় ১২০ থেকে ১৩০ জন দুষ্কৃতকারী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি চালান। এ সময় এসআই মো: মোরশেদ আলী মোল্লাকে ইট ও লাঠি দিয়ে আঘাত করে মাথায় জখম করা হয়। নায়েক মো: ইমদাদুল হক লোহার রডের আঘাতে আহত হন। এসআই আবু সালেহ মুসা সহকর্মীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীদের একজন সরকারি পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সরকারি সম্পত্তি রক্ষায় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। গুলির শব্দে হামলাকারীরা কিছুটা সরে গেলে অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থল ত্যাগ করে গোলাপবাগ মাঠের দক্ষিণ কোণে অবস্থান নেয়। আহত তিন সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এসআরবি-১০-এর এএসআই (নিরস্ত্র) আব্দুল আহাদ যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








