
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী রায়হান উদ্দিনসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে রায়হানকে চার দিন এবং রাসেল খান, আলাউদ্দিন ও আবদুল্লাহকে দুই দিন করে রিমান্ডে নেয়া হয়েছে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবির একটি দল। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানার জন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় পার্কিং এলাকার একটি পিলারের পাশে রাখা ইটের খোয়ার বস্তার ভেতর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়।
পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসাথে রিমান্ড শুনানির জন্য আজ (মঙ্গলবার) দিন ধার্য করেন।
এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার মেইন রোডের সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা ব্যক্তিরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পথচারী ইবাদুর রহমান গুরুতর আহত হন।
এ ঘটনায় নৈরাজ্য সৃষ্টি, ত্রাস এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।








