
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সরকার যদি আওয়ামী লীগকে পূর্নবাসন করে, একদিকে ঐক্যের কথা বলে, আরেকদিকে পূর্নবাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন শেখ হাসিনার আগমন ও সরকার পতন একই সাথে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।’
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনা যদি আসে তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিতরাই শেখ হাসিনা যে পথে আসবে, সেখান থেকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবে।’
তিনি বলেন, ‘আজকে বোমাবাজি, গাড়ি সন্ত্রাস, আগুন সন্ত্রাস বিভিন্ন জায়গায় যা হচ্ছে এটি হচ্ছে ক্ষমতাসীনদের হাতের কামাই। তারাই কিন্তু অর্থবিত্ত নিয়ে এই ফ্যাসিবাদিদেরকে পুর্নবাসনের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছে।’
সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









