আগুন, খালিয়াজুরী ইউএনও কার্যালয়, ক্ষতি, ফায়ার সার্ভিস, খালিয়াজুড়ি থানা,  বৈদ্যুতিক শর্টসার্কিট, ইউএনও
খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে আগুনের দৃশ্য। নয়া দিগন্ত
ads

নেত্রকোনার খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ইউএনও কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে, আগুনে অফিস কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার, লেপটপ, চেয়ার, টেবিল, আলমিরাসহ সকল আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। 

প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে অফিস সূত্রে জানা গেছে। 

খবর পেয়ে উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার ভিডিপির সদস্য, স্থানীয় নেতা, সাংবাদিক ও ওই এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খালিয়াজুড়ির ইউএনও মো: অলিদুজ্জামান আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, নৈশ্যপ্রহরী মো: অলি মিয়া ও দায়িত্বরত কর্মচারীর মাধ্যমে তিনি প্রথমে আগুনের বিষয়ে জানতে পারেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরো জানান, ‘আগুনে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ লক্ষাধিক টাকা হতে পারে। বিস্তারিত পরিদর্শন ও তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

খালিয়াজুড়ি থানার ওসি মো: নাসির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি আমার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজে সহযোগিতা করি। প্রায় তিন ঘণ্টা আগুন নিভানোর চেষ্টা চালানোর পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’