লাশ
আসাদের লাশ। নয়া দিগন্ত
ads

নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামের এক যুবকের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। 

মৃত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মৃতের নানা হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি আসাদকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। প্রথমে তার মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি মাতাজিহাট ফাঁড়ি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনান্তে নিহতের লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে।’

এ ঘটনায় আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।