
পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো ২০২৬ সালের মিস ইউনিভার্সের মুকুট জয় করেছেন। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতার ৭৫তম আসরে তিনি মেক্সিকোর ফাতিমা বশের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত মুকুট পরানোর রাতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী শিরোপার জন্য লড়াই করেন।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হন জেনিফার বারেটো। নতুন মিস ইউনিভার্স হিসেবে তিনি পেয়েছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুট। ভেনেজুয়েলার গয়না নকশাকার জর্জ উইটেলসের তৈরি এই মুকুটে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।
মুকুট জয়ের পথে বারেটোর যাত্রা
বারেটোর মুকুট জয়ের যাত্রাটি ছিল বেশ দ্রুতগতির। সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তিনি মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোতে যোগ দেন।
সংবাদমাধ্যম হোলাকে তিনি জানান, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। সেই অভিষেকের মাত্র চার মাসের মধ্যে জাতীয় পর্যায়ের মুকুট জয় করেন। সান সেবাস্তিয়ানের প্রতিনিধিত্ব করে কাগুয়াসের সেন্ট্রো দে বেয়াস আর্তেসে তিনি এই খেতাব অর্জন করেন।’
প্রতিযোগিতায় অংশ নেয়ার পেছনে তার উদ্দেশ্য ছিল সহজ। পুয়ের্তো রিকোর ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচারের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে এবং সেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের উত্তরাধিকার তৈরি করতে তার ভালো লাগে।’
জাতীয় পর্যায়ে জয়ের পর তিনি এল ভোসেরোকে বলেন, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোতে যে নারী হিসেবে যাত্রা শুরু করেছিলাম, আমি এখন আর সেই নারী নই।’
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল পুয়ের্তো রিকো। তাই প্রতিযোগী হিসেবে অংশ নেয়ার পাশাপাশি স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবেও তাকে বাড়তি দায়িত্ব পালন করতে হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের স্বাগত জানান তিনি।
তাদের মন জয় করার পরিকল্পনায় ছিল পুয়ের্তো রিকোর আন্তরিক আতিথেয়তা এবং রসুন দিয়ে তৈরি এক প্লেট টোস্টোনেস। অনলাইনে ভক্তরা তাকে শুধু ‘লা বারেটো’ নামেই ডাকেন।
মা ও থেরাপিস্ট
ব্যক্তিজীবনে বিবাহিত বারেটো। তার স্বামীর নাম জ্যঁ কার্লোস বারেটো। তাদের সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে, যার নাম পেনেলোপ।
তার পেশাগত যোগ্যতার তালিকাও বেশ সমৃদ্ধ। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক—এই দুই বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তিনি মার্কিন সেনাবাহিনীতে প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। পাশাপাশি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাথেও কাজ করছেন।
মিস ইউনিভার্স হিসেবে তার মূল কর্মসূচির কেন্দ্রে রয়েছে মানসিক স্বাস্থ্য। একইসাথে তিনি তুলে ধরতে চান, মাতৃত্ব কখনো কোনো নারীর অগ্রগতির পথে বাধা হওয়া উচিত নয়।
পশ্চিম পুয়ের্তো রিকোর শেকড়
বারেটোর জন্ম মায়াগুয়েজে। ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ার মধ্যে তার বেড়ে ওঠা। ভলিবল খেলতে ভালোবাসেন তিনি। বেড়ে ওঠার সময় তাকে লালন-পালনে দাদার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
ছোটবেলা থেকেই তার পারিবারিক জীবনের সাথে সৌন্দর্য প্রতিযোগিতার সম্পর্ক ছিল। তিনি সৌন্দর্য প্রতিযোগিতাকে নারীদের অলিম্পিক হিসেবে বর্ণনা করেছেন। ছোটবেলায় মায়ের সাথে মিস ইউনিভার্স প্রতিযোগিতা দেখার স্মৃতিও রয়েছে তার।
প্রতিযোগিতার প্রস্তুতিও ছিল বেশ কঠোর। বারেটো জানান, ‘জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জয়ের আগে তিনি ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল, অন্য প্রতিযোগীরা যখন ওজন কমানোর চেষ্টা করবেন, তার আগেই তিনি নিজের প্রস্তুতি শেষ করবেন। এতে প্রতিযোগিতা চলাকালে নিশ্চিন্তে টোস্টোনেস ও চকলেট উপভোগ করার সুযোগ পাবেন।’
জাতীয় পোশাক পর্বে তিনি দ্বীপটির লজ্জাবতী উদ্ভিদ ‘মরিভিভি’ থেকে অনুপ্রাণিত পোশাক পরেছিলেন।
মুকুট পরানোর রাত
চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বারেটোকে জিজ্ঞাসা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের জীবনে ক্রমেই বেশি জায়গা করে নেয়ার সময় মানুষের কোন মূল্যবোধটি ধরে রাখা সবচেয়ে জরুরি?
ফলাফল ঘোষণার পর ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ প্রথম রানারআপ হন। এরপর যথাক্রমে ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন অবস্থান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিও লোপেজ এবং ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।
বারেটো এখন পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্স বিজয়ীদের তালিকায় যুক্ত হলেন। এই তালিকায় রয়েছেন মারিসল মালারেট (১৯৭০), ডেবোরা কার্থি-ডিউ (১৯৮৫), দিয়ানারা টোরেস (১৯৯৩), ডেনিস কুইনোনেস (২০০১) এবং জুলেইকা রিভেরা (২০০৬)।
২০০১ সালে বায়ামনে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় স্বাগতিক দেশের মাটিতে জয় পেয়েছিলেন ডেনিস কুইনোনেস। বারেটোর সাথেও তার এই একটি বিশেষ মিল রয়েছে। এবার বারেটোও নিজের দেশের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জয় করলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









