এমপি
সাংবাদিকদের সাথে কথা বলছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। নয়া দিগন্ত
ads

চা খাওয়ার মধ্য দিয়ে দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের আলোচনার দ্বার উম্মুক্ত হয়েছে। তবে জুলাই সনদ, গণভোট ও মৌলিক সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরিয়ানি খেলেও এর সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

দেশের চলমান পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার চা খাওয়া প্রসঙ্গে  ড. মাসুদ বলেন, ‘আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ এবং জাতির প্রয়োজনে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আবার এক হয়ে কাজও করতে হবে। চলমান সঙ্কট যদি আরও  ঘনীভূত হয়, তাহলে জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই থাকতে হবে, বিশেষ করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে। 

ড. মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার এই চা খাওয়ার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। এটা পরবর্তীতে আলোচনা হবে এবং সেই আলোচনায় অবশ্যই গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পরে তাদের দলীয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী, তাদের গণহত্যার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের বিচার এবং এই ২০২৪-এর আগস্টের যে গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য একটা মৌলিক সংস্কার। এই চারটি মৌলিক বিষয়ে সমাধান না হওয়া ছাড়া শুধু চা খাওয়া না, বিরিয়ানি খেয়েও এটা সমাধান হবে না। অর্থাৎ এই ঐক্যের সেতুবন্ধন হবে— গণভোট, জুলাই সনদ, বিচার এবং সংস্কারের কার্যক্রম শুরু করা।’

দেশের চলমান পরিস্থিতিতি উদ্বেগজনক উল্লেখ করে  ড. মাসুদ বলেন, ‘একটা রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর ল’ অ্যান্ড অর্ডার যে এনফোর্স করার দরকার, সেই জায়গাটা নিষ্ক্রিয়। সেটা ব্যর্থ হয়েছে, এটা ঠিক। যে একটা জেলা, এটা তো এদেশেরই একটা অংশ। সেরকম একটা জায়গায় দুইটা থানাকে নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে, পুলিশ সেখান থেকে চলে এসেছে। এই ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা থাকা দরকার ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। 

এই ব্যর্থতাটা আমরা মনে করি আগামী দিনে সরকার যদি প্রয়োজন মনে করে এবং ইতোমধ্যে প্রয়োজন মনে করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে যে, বিরোধী দলের নেতাকে তারা আহ্বান জানিয়েছে, তারা একসাথে বসেছে, আমরা মনে করি যে এই আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ গোপালগঞ্জে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং সেটা আগে আবার যেটা বলছি যে, গণভোট, জুলাই সনদ এবং বিচার সংস্কারসহ পদক্ষেপগুলো নিলেই কেবল এই পরিস্থিতি উত্তরণ করা সম্ভব।’

স্থানীয় নির্বাচনে এনসিপির একক প্রার্থীতা দেয়ায় ১১ দলীয় ঐক্যে কোন ফাটল দেখা দিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ড. মাসুদ বলেন, ‘স্থানীয় নির্বাচন তো সব সময় এটা নির্দলীয়। ইলেকশন কমিশনও এটা নিশ্চিত করেছে এবং সরকারও বলেছে এটা একটা নির্দলীয়। তো নির্দলীয় ইলেকশন তো আপনি দলীয় রূপ দিতে পারবেন না। আর দলীয় রূপ যেহেতু আপনি দিতে পারবেন না, সুতরাং জোট বা এটার তো প্রশ্ন আসে না। সেই জায়গায় আমরা মনে করি যে প্রত্যেক দল তার নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব জনপ্রতিনিধিত্ব তৈরি করার এটা একটা সুযোগ। জামায়াতে ইসলামী মনে করে জোট জোটের জায়গায় তার কর্মসূচি পালন করবে। আর স্থানীয় নির্বাচনে যার যার জায়গায় সে তার প্রতিনিধি ঠিক করবে এবং জনগণের কাছে যাবে, তার কথা বলবে।’ 

তিনি বলেন, ‘জনগণ যাকে গ্রহণ করবে, সে নির্বাচিত হয়ে আসবে। সে জায়গায় আমাদের কোনো আপত্তি নাই। সুতরাং আমরা মনে করি না যে যেহেতু এটা রাজনৈতিক নির্বাচন না, রাজনৈতিক মানে পলিটিক্যাল ইলেকশন না, এটা একটা ইমপার্শিয়াল ইলেকশন, নির্দলীয় ইলেকশন। সুতরাং এখানে যে যার মতো করে নির্বাচন করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ইন্টার্নালি যদি কোনো স্থানীয়ভাবে কেউ কোনো আলোচনা করতে চায়, সেটা কেন্দ্রীয়ভাবে তখন চিন্তা করা হবে যে সেই আলোচনার কোনো সুযোগ আদৌ আছে কি না। সে জায়গাটা আমরা মনে করি না যে এখনো কোনো সময় হয়েছে। বরং যার যার জায়গা থেকে সে তার নির্বাচন পরিচালনা করবে, এটাই এই নির্বাচনের ক্যারেক্টারই হচ্ছে সেটা।’

এ সময় তার সাথে ছিলেন রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী, ৬ আসনের এমপি নুরুল আমিন, ১ আসনের এমপি রায়হান সিরাজী, মহানগর জামায়াত সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।

পরে তিনি পানসি রেস্টুরেন্টে ছাত্রশিবিরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।