ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, জামায়াত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের নিন্দা জানিয়েছে জামায়াত। সংগৃহীত

‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গত ১ নভেম্বর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ওই প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে অসত্য তথ্য দেয়া হয়েছে বলে দাবি করে তার তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

Advertisement

সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সকল স্তরে গণতান্ত্রিক চর্চা করে গঠনতন্ত্র অনুযায়ী। একইসাথে সংগঠনের সকল স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে। ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে টিআইবির গবেষণা প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে নারীদের কোনো অংশগ্রণ নেই’ মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে- তা অসত্য ও বিভ্রান্তিমূলক। আমি প্রতিবেদনে প্রদত্ত তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানাই। 

আরো পড়ুন—আগামী বছর সরকারি ছুটি ২৯ দিন, শুক্র-শনিতে পড়ল কয়দিন?

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক স্তরের মধ্যে অন্যতম ফোরাম হচ্ছে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বিদ্যমান কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়াও রুকনদের (সদস্য) মধ্যে নারী সদস্য রয়েছেন প্রায় ৪৩ শতাংশ। সুতরাং, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে এমন অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয়। আমি গণমুখী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে ভবিষ্যতে যেকোনো প্রকাশনা কিংবা প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে আরো সতর্ক ও দায়িত্বশীলতার পরিচয় কামনা করছি।