গাজায় ধ্বংসযজ্ঞ ও ইসরাইলি ঘাঁটির স্পষ্ট চিত্র প্রকাশ্যে

 মিডল ইস্ট আই
ইসরাইলের সরকারি মানচিত্র সেবায় কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গাজা উপত্যকার অতি-উচ্চমাত্রার (হাই-রেজোলিউশন) উপগ্রহচিত্র উন্মুক্ত হয়ে পড়েছে। দুর্ঘটনাবশত প্রকাশিত এসব ছবিতে উত্তর গাজায় পরিচালিত ব্যাপক ধ্বংসলীলার চিত্র ফুটে ওঠার পাশাপাশি ইসরাইলি সামরিক বাহিনীর একাধিক গোপন ঘাঁটি ও চৌকির সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট হয়ে যায়। অবশ্য বিষয়টি প্রকাশ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপগ্রহচিত্রের সেসব স্থান পুনরায় ঝাপসা করে দেয়। ইসরাইল প্রশাসনের জনসংযোগ ও মানচিত্রবিষয়ক পোর্টাল ‘গভম্যাপ’-এ ঘটে যাওয়া এই ব্যতিক্রমী ঘটনাটি গত সোমবার গাজা অঞ্চলের ভৌগোলিক বিশ্লেষণকারী একটি এক্স  অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ্যে আসে।
সাধারণত গভম্যাপের তথ্যাবলীতে সমগ্র গাজা উপত্যকাসহ ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীরের যাবতীয় সামরিক স্থাপনা এবং স্পর্শকাতর এলাকাগুলোর উপগ্রহচিত্র স্পষ্টভাবে দেখতে না দেয়ার জন্য সর্বদা ঝাপসা করে রাখা হয়। ফলে কয়েক মুহূর্তের জন্য হলেও গাজার স্পষ্ট দৃশ্য দৃশ্যমান হওয়ার ঘটনাটিকে একটি বড় ধরনের কারিগরি ভুল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফাঁস হওয়া এসব চিত্রে উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুন অঞ্চলের বিভিন্ন কাঠামোগত ধ্বংসাবশেষ দেখা যায়। ওই ছবিগুলো ২০২৫ সালে ধারণকৃত হওয়ায় বর্তমানে সেনা অবস্থানগুলোর সাম্প্রতিকতম পরিবর্তন এতে প্রতিফলিত না-ও হতে পারে। তবে উপগ্রহচিত্রে বিশাল অঞ্চলজুড়ে থাকা সামরিক বাফার জোনের অভ্যন্তরে অন্তত ১১টি কৌশলগত ইসরাইলি সামরিক ঘাঁটির সুস্পষ্ট অস্তিত্ব ধরা পড়েছে। পরে অপর এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী মানচিত্রের সেই সংরক্ষিত অনুলিপি জনসমক্ষে নিয়ে আসেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই অবশ্য ছবিগুলোর নির্ভরযোগ্যতা স্বাধীনভাবে শতভাগ নিশ্চিত করতে পারেনি। তবে গাজা অঞ্চলে ইসরাইলি সামরিক উপস্থিতি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সংক্রান্ত পূর্ববর্তী বিভিন্ন তদন্তমূলক প্রতিবেদনের তথ্যের সাথে এই উপগ্রহচিত্রগুলোর পূর্ণ সামঞ্জস্য রয়েছে। প্রাপ্ত চিত্রে দেখা যায়, বেইত হানুনের একাধিক আবাসিক এলাকা সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 
এ ছাড়া গাজা সিটির জাইতুন এলাকার দক্ষিণ-পূর্ব সীমানায় অবস্থিত কার্নি ক্রসিং সীমান্তে ইসরাইলি সেনাবহর ও সরঞ্জামাদি দেখা গেছে। অন্য দিকে পূর্ব জাবালিয়া অঞ্চলে মাটির তৈরি প্রতিরক্ষা বেষ্টনী এবং সামরিক যানবাহনের উপস্থিতির চিত্রও উপগ্রহচিত্রে উঠে এসেছে।