
আলজাজিরা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) একটি সামরিক বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের প্রতিনিধিদলের সদস্য এবং কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন। গত শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে লোকালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে গুরুতর যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে চালক কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা চালালে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়ির ওপর আছড়ে পড়ে। কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্দা জানান, অবতরণের জন্য নির্ধারিত কোনো রানওয়ে না থাকায় বিমানটি সরাসরি আবাসিক প্লটের ওপর ভেঙে পড়ে। কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে ১৪ জন আরোহীর প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বিমানে থাকা কারো পক্ষেই বেঁচে থাকা সম্ভব হয়নি। দগ্ধ হওয়ার তীব্রতার কারণে নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে। তবে বিমানচালকের লাশ বিধ্বস্ত কপ্টারের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে।








