ডা: শামসুল আলম খান মিলন
ডা: শামসুল আলম খান মিলন। সংগৃহীত
ads

শহীদ ডা: শামসুল আলম খান মিলন দিবস আগামীকাল শুক্রবার। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক নেতা ডা: মিলন। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে নতুন গতি সঞ্চার করে। ডা: মিলনের মৃত্যু-পরবর্তী সময়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে।

ডা: মিলন ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন ও চিকিৎসকদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রিকশায় করে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরো বেগবান হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনের অবসান ঘটে।

শহীদ ডা: মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর ২৭ নভেম্বর দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তার সমাধি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করে। 

গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা: মিলনের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।