
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কথিত অনুমোদনপত্র দেখিয়ে সড়কের পাশের ব্যক্তিমালিকানাধীন গাছ বিক্রির অভিযোগ উঠেছে শশীদল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম সাব্বির ওরফে মালুর বিরুদ্ধে। কোনো ধরনের সরকারি টেন্ডার ছাড়াই, ইউএনওর অনুমোদনের ভুয়া কাগজ দেখিয়ে অভিনব প্রতারণার মাধ্যমে স্থানীয় দুই ব্যক্তির কাছে গাছ বিক্রি করে এক লাখ ৭৬ হাজার টাকা আত্মসাৎ করেন এ ছাত্রদল নেতা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা টানাব্রিজ থেকে মন্দভাগ বাজার সংযোগ সড়কের সংস্কার কাজ চলছে। সড়কের সোল্ডার নির্মাণের জন্য পাশের খাল থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। এ সময় নির্মাণ কাজের সড়কের পাশের গাছগুলো নিজ নিজ মালিকানাধীন জমির গাছ কাটতে গিয়ে বাধার মুখে পড়েন স্থানীয় জমির মালিকরা।
অভিযোগ রয়েছে, শশীদল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম সাব্বির স্থানীয়দের গাছ কাটতে বাধা দেন। এ নিয়ে জমির মালিকদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তিনি ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহায়তা নিয়ে গাছ কাটা বন্ধ করান। পরে স্থানীয়দের কাছে দাবি করেন, চান্দলা টানাব্রিজ থেকে মন্দভাগ বাজার পর্যন্ত সড়কের পাশের সব গাছ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে কিনে নিয়েছেন। এ সময় ইউএনওর নাম ব্যবহার করে একটি কথিত অনুমোদনপত্র দেখিয়ে গাছ বিক্রির প্রক্রিয়া চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, চান্দলার আনু ব্যাপারীর কাছে ৮৬ হাজার টাকা এবং দেউস গ্রামের জীবন মিয়ার কাছে প্রায় ৯০ হাজার টাকায় গাছ বিক্রির কথা বলা হয়েছে। অর্থ লেনদেনের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব বক্তব্যের ভিত্তিতে জানা গেছে। তাঁদের দাবি, প্রশাসনের অনুমোদনের কথা বলে দেখানো কাগজপত্রের ভিত্তিতেই তাঁরা গাছ কেনার বিষয়ে এগিয়েছেন।
তবে উপজেলা প্রশাসন থেকে খোঁজ নিয়ে এবং রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলে জানা গেছে, ওই সড়কের গাছ কাটার বা বিক্রির জন্য কোনো টেন্ডার আহ্বান কিংবা কাউকে কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়নি। ইউএনও জানান, গত বৃহস্পতিবার একটি মাদরাসার সামনের গাছের বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তবে রোববার তিনি কুমিল্লায় একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ায় ব্রাহ্মণপাড়ায় ছিলেন না। এ ধরনের গাছ বিক্রির অনুমোদনের বিষয়ে তিনি কিছু জানেন না এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
অভিযোগ রয়েছে, গত বুধবার থেকে মোবাইল ফোনে দেখানো কথিত অনুমোদনপত্রের ভিত্তিতে চান্দলার আনু ব্যাপারীর লোকজন গাছ কাটা শুরু করেন। গত রোববার (২২ নভেম্বর), সাজঘর উত্তরপাড়ার প্রবীণ বাসিন্দা আবদুল ওহাব মাস্টারের গাছ কাটতে গেলে তিনি নিজের মালিকানাধীন একটি গাছ তাঁকে দেওয়ার জন্য শামীম সাব্বিরের কাছে অনুরোধ করেন। কিন্তু তাঁকে গাছ না দিয়ে উল্টো ধমক দিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
একই দিন দেউস গ্রামের রওশন ডাক্তারের বাড়ির কাছে গাছ কাটতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন গাছ কাটতে আসা লোকজন। পরে তারা গাছ কাটা বন্ধ করতে বাধ্য হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ‘আমার নিজস্ব জায়গার একটি আমগাছ লাকড়ি করার জন্য চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে গাছ দেয়া যাবে না বলে জানিয়ে দেন।’
অভিযোগের বিষয়ে শামীম সাব্বির বলেন, এসব অভিযোগ সঠিক নয়, বিষয়টি ইউএনও মীমাংসা করে দিয়েছেন।
এদিকে ইউএনওর বক্তব্যে প্রশাসনিক অনুমোদন না থাকার বিষয়টি স্পষ্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, কার অনুমতিতে ব্যক্তিমালিকানাধীন গাছ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেখানো কথিত অনুমোদনপত্রের সত্যতা কী। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে কথিত কাগজপত্রের উৎস শনাক্ত, অর্থ লেনদেনের অভিযোগ যাচাই এবং প্রকৃত জমির মালিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









