মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আবাসনের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা
মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আবাসনের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা। নয়া দিগন্ত

আবাসনে নানা ধরনের জটিল ও কঠিন নিয়ম-কানুন এবং বাস্তবতাবিবর্জিত বিধিবিধানের কারণে ব্যবসায় ক্রমেই সঙ্কটের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ড্যাপসহ বিভিন্ন অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন করার দাবি করেছেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আবাসনের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিহ্যাব প্রেসিডেন্ট প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো: আবদুল আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। 

সভায় বক্তারা বলেন, আবাসন ব্যবসায় বর্তমানে নানা ধরনের সমস্যার চাপে রয়েছে। একইসাথে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধি-বিধানের কারণে এ খাতের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। আবাসন শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান যুক্ত থাকায় এ সঙ্কটের প্রভাব পুরো অর্থনীতিতেও পড়ছে।

মতবিনিময় সভায় আবাসন ব্যবসার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সঙ্কট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বিত উদ্যোগ প্রয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বেশ কয়েকজন ডেভেলপার তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মো: সহিদুল ইসলাম, প্রেসিডেন্ট, মিরপুর রিয়েল এস্টেট ফোরাম। সভায় মো: ইব্রাহিম সরকার, সভাপতি, উত্তরা ডেভেলপার ফোরাম, মো: শাখাওয়াত হোসেন, উপদেষ্টা, সাউথ ডেভেলপার ফোরাম বক্তব্য প্রদান করেন। সভায় বিপুলসংখ্যক আবাসন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মতবিনিময় অনুষ্ঠানে রিহাবের ভাইস প্রেসিডেন্ট ২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ,  ভাইস প্রেসিডেন্ট ৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স ড. মো: হারুন অর রশিদসহ রিহাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালকরা উপস্থিত ছিলেন।