চিকিৎসক
অধ্যাপক ড. রুহুল আমিন সংগৃহীত

বাংলাদেশ-নেপাল আঞ্চলিক সহযোগিতা, পর্যটন উন্নয়ন ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে নেপালের কাঠমান্ডুতে আয়োজিত হতে যাচ্ছে ‘রেজিওনাল কো-অপারেশন, ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস প্রমোশন প্রোগ্রাম’। আগামী ২২ সেপ্টেম্বর কাঠমান্ডুর ট্যুরিজম বোর্ড হল, এক্সিবিশন রোডে অনুষ্ঠিতব্য এ আয়োজনে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মো: রুহুল আমিন অংশ নেবেন।

আয়োজক নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (এনবিএফএ), নেপালের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। একই অনুষ্ঠানে তার দীর্ঘদিনের পেশাগত অবদান, শিক্ষা ও চিকিৎসাবিজ্ঞানে ভূমিকা এবং উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হবে।

অধ্যাপক ড. রুহুল আমিন ঢাকা মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। চিকিৎসাবিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা এবং অবদানের জন্য তিনি বাংলাদেশে সুপরিচিত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের রেজিওনাল কো-অপারেশন, ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস প্রমোশন প্রোগ্রামে  বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, পর্যটন উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা, মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকবে।

অনুষ্ঠানটি বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট ব্যক্তি, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন খাতের প্রতিনিধিদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

অধ্যাপক ড. রুহুল আমিনের কাঠমান্ডু সফর ও আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা ও পেশাজীবী মহলের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি