প্লে-অফের প্রথম রাউন্ডেই বিদায় মেসির মায়ামি
প্লে-অফের প্রথম রাউন্ডেই বিদায় মেসির মায়ামি। সংগৃহীত
ads

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজের গোলে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ১-০ ব্যবধানে হারিয়েছে কলম্বাস ক্রু। শুক্রবারের এই জয়ে এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রদ্রিগেজের গোলেই তিন ম্যাচের সিরিজের প্রথম রাউন্ডে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কলম্বাস। এর আগে ফ্লোরিডায় প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে দুর্দান্ত জয় পেয়েছিল।

এমএলএস কাপের শিরোপা ধরে রাখাই ছিল ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন উচ্চাভিলাষী ক্লাবটির মৌসুম বাঁচানোর শেষ সুযোগ। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলো এবং লিগস কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল মায়ামি।

এ বছর মায়ামির ট্রফি ক্যাবিনেটে জায়গা পাওয়া একমাত্র শিরোপা ক্যাম্পেওনেস কাপ। এমএলএস ও মেক্সিকান লিগের চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আর্জেন্টাইন মহাতারকা মেসির জন্য এটি ছিল এমএলএস কাপ প্লে-অফের তৃতীয় আসর। দ্বিতীয়বার প্রথম রাউন্ড থেকে বিদায়। নিয়মিত মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা মেসি এবার টানা তৃতীয়বারের মতো লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়েরও সবচেয়ে বড় দাবিদার ছিলেন। এর আগে ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে হোঁচট খেয়েছিল মায়ামি। পরের বছর জিতেছিল নিজেদের প্রথম এমএলএস কাপ শিরোপা।

মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ, ক্যাসেমিরো ও রদ্রিগো ডি পলকে নিয়ে গড়া তারকাখচিত দলটি ওহাইওর ঠান্ডা ও বৃষ্টিভেজা রাতে গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল।

নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন জার্মান বেরতেরামে। তবে একেবারে কাছ থেকে তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

মায়ামি কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেস বলেন, আমার কাছে এই হার পুরোপুরি অন্যায্য। কারণ আমার মনে হয়, দল পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে খেলেছে এবং পুরো ম্যাচে জয়ের যোগ্য ছিলাম আমরা। সবচেয়ে পরিষ্কার সুযোগগুলো আমাদেরই ছিল, কিন্তু এটাই ফুটবল।

‘প্রতিপক্ষও ভালো রক্ষণ করেছে। লিও লক্ষ্যে কোনো শট নিতে না পারলেও আমরা অনেক সুযোগ তৈরি করেছি।’

যোগ করা সমলে শেষপ্রান্তে মনে হচ্ছিল ম্যাচটি পেনাল্টি শুটআউটের দিকে এগুচ্ছে। কিন্তু মায়ামির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বক্সের মধ্যে মরক্কোর আনাস জারুরির ক্রস নিয়ন্ত্রণে নেন রদ্রিগেজ। এরপর কানাডিয়ান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে জালে বল পাঠান তিনি।

মায়ামির আগাম বিদায়ে এমএলএসে চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার অপেক্ষা আরো দীর্ঘ হলো। ২০১২ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর আর কোনো দল টানা দ্বিতীয়বার শিরোপা জিততে পারেনি।