মেজর লিগ সকার, এমএলএস, গোল্ডেন বুট, লিওনেল মেসি, ইন্টার মায়ামি, ইন্টার মায়ামির সহ-মালিক, হোর্হে মাস, গোল, এফসি ডালাস, পেতার মুসা, ন্যাশভিল, স্যাম সারিজ, অ্যাসিস্ট, কলম্বাস ক্রু, ব্যালন ডি’অর, যুক্তরাষ্ট্র
গোল্ডেন বুট হাতে লিওনেল মেসি। সংগৃহীত
ads

থামছেন না লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আবারো গোলের রাজত্ব দেখিয়ে টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় কলম্বাস ক্রুর বিপক্ষে প্লে-অফের ম্যাচ শুরুর আগে মেসির হাতে পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস। ২০২৬ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পান ৩৯ বছর বয়সী এই তারকা।

এবারের নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি। গোলসংখ্যায় তার ধারেকাছেও ছিলেন না প্রতিদ্বন্দ্বীরা। ২২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের পেতার মুসা। ন্যাশভিলের স্যাম সারিজ ২১ গোল করে আছেন তৃতীয় স্থানে।

শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও ছিলেন দুর্দান্ত মেসি। ১৭টি অ্যাসিস্টসহ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার অবদান ৪৩টি। প্রতি ম্যাচে গোলের গড়ও ছিল সর্বোচ্চ, ০.৮৪।

এনিয়ে এমএলএসে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতলেন মেসি। প্রতিযোগিতাটির ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেও টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি এবারই প্রথম গড়লেন তিনি।

গত মৌসুমেও গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৫ সালে নিয়মিত লিগে ২৯ গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। সব মিলিয়ে ৪৮টি গোলে অবদান রেখে প্রথমবারের মতো জিতেছিলেন এমএলএস গোল্ডেন বুট। 

একই বছর টানা দ্বিতীয়বারের মতো লিগের বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও ওঠে তার হাতে। এবারো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মেসি। ২০২৪ ও ২০২৫ সালের পর টানা তৃতীয়বারের মতো এমভিপি হওয়ার হাতছানি তার সামনে।

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয়ভাবেও শিরোপা ধরে রাখার অভিযানে রয়েছে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় হয়ে প্লে-অফে উঠেছে দলটি। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রু। তিন ম্যাচের সিরিজে দুই জয় পাওয়া দল যাবে পরের রাউন্ডে।

২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। গত বছর দলকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতানোর পথেও রেখেছিলেন বড় ভূমিকা। 

এবার তার সামনে ব্যক্তিগত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি দলকে আরেকটি শিরোপা এনে দেয়ার চ্যালেঞ্জ।