মিসর
বিশ্বকাপ কোচ হাসানকে বরখাস্ত করেছে মিসর। সংগৃহীত

একের পর এক বিতর্কের জেরে জাতীয় দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

Advertisement

শনিবার এক বিবৃতিতে ইএফএ জানায়, সাম্প্রতিক ঘটনাবলি এবং জাতীয় দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর এর নেতিবাচক প্রভাব পর্যালোচনা করে হাসান ও তার কোচিং স্টাফের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন—দোয়া-ইবাদাত নিয়ে বিদ্রুপ : ভাইরাল সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত

Advertisement

ক্লাব দল সেরামিকা ক্লিওপেট্রার দায়িত্বে থাকা আলি মাহেরকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ইএফএর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হাসানের ব্যক্তিগত বিষয়গুলো জাতীয় দলকে ঘিরে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছিল।

ব্যক্তিগত জীবন ও সাবেক স্ত্রীকে ঘিরে একটি মামলার কারণে তিন দিন আগে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন হাসানের ওপর গণমাধ্যমে উপস্থিতির নিষেধাজ্ঞা জারি করে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হাসানের আইনজীবীরা তার সাবেক স্ত্রী দিনা মোস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত দিনার বিরুদ্ধে সরকারি নথি জালিয়াতি ও একই সময়ে একাধিক বিয়ে করার অভিযোগ আনা হয়েছে।

তবে দিনার প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠার পর থেকেই একের পর এক বিরোধ ও বিতর্কের কারণে হাসানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপে এটিই ছিল মিসরের ইতিহাসে সেরা সাফল্য।

২০২৪ সালের মার্চে দায়িত্ব নেয়া সাবেক এই স্ট্রাইকারের অধীনে আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনালেও উঠেছিল মিসর। পরে চতুর্থ স্থান নিয়ে আসর শেষ করে দলটি।

মিসরের সাবেক ফরোয়ার্ড মিডো সেপ্টেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছিলেন। একইসাথে বিষয়টি সমাধানে কর্মকর্তাদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন তিনি।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে মিসরের দায়িত্ব নেবেন মাহের।