
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে দলের শক্তি আরো বাড়ার অপেক্ষায় আছেন ফুটবলাররা। সেই অপেক্ষার নাম হামজা চৌধুরী।
ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডার দলে যোগ দিলে পুরো দলের আবহ বদলে যাবে বলে মনে করেন ভুটানের বিপক্ষে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিম।
বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দলের জয়সূচক গোলটি করেন ইব্রাহিম। হামজাকে ছাড়াই জয় দিয়ে সাফ শুরু করলেও শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে তাকে পাওয়ার আশা করছে দল।
ক্লাবের ব্যস্ততায় এখনো বাংলাদেশ দলের সাথে যোগ দিতে পারেননি হামজা। আগামী রোববার অথবা সোমবার তার ঢাকায় আসার কথা রয়েছে। আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের আগেই দলের সাথে যোগ দেয়ার কথা এই মিডফিল্ডারের।
শুক্রবার সন্ধ্যায় এবিজে ফুটবল গ্রাউন্ডে রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। শনিবার থেকে শুরু হবে শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি। এর আগে হামজার যোগ দেয়া নিয়ে ইব্রাহিম বলেন, ‘আমাদের যারা বাইরে আছে, ওরা এলে অবশ্যই আমাদের দল শক্তিশালী হবে। আপনারা সবাই জানেন, হামজা ভাই এলে অবশ্যই দলের মোমেন্টাম সব বদলে যাবে।’
ভুটানের বিপক্ষে জয় পেলেও নিজেদের ভুলত্রুটি নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ। ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে দুর্বলতা চিহ্নিত করার কথা জানিয়েছেন ইব্রাহিম।
তার ভাষায়, ‘গত ম্যাচে আমাদের ভুলত্রুটি হয়েছে। ওইটা নিয়ে কোচ এখনো ভিডিও বিশ্লেষণ করেনি। ভিডিও বিশ্লেষণের পরে বুঝতে পারব যে, আমাদের আসলে ভুলত্রুটিগুলো কোথায় ছিল এবং ওগুলো নিয়ে কাজ করব আমরা পরবর্তী ম্যাচের আগে।’
ভুটানকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়া বাংলাদেশের সামনে এখন শ্রীলঙ্কা ম্যাচ। সেই ম্যাচে হামজাকে পাওয়ার প্রত্যাশার পাশাপাশি প্রথম ম্যাচের ভুল শুধরে আরো গোছানো ফুটবল খেলাই হবে দলের লক্ষ্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







