সাফ চ্যাম্পিয়নশিপ, ঢাকায় সাফ ফুটবল, বাংলাদেশ বনাম ভুটান, সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬, সাফে ভিএআর প্রযুক্তি, সাফ ফুটবল টিকিটের দাম, গ্যালারিতে দর্শকদের আচরণবিধি, রোনান সুলিভান ইনজুরি
হংকংয়ের বিপক্ষে সমতাসূচক গোলে শমিত-হামজার উদ্‌যাপন। সংগৃহীত

ঢাকায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।

Advertisement

একই দিনে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। তবে মাঠের লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য কঠিন বার্তা দিয়েছে সাফ কর্তৃপক্ষ—গ্যালারি থেকে মাঠে ঢিল, বোতল কিংবা কোনো বস্তু ছোড়া যাবে না। প্রদর্শন করা যাবে না ধর্মীয় বা রাজনৈতিক কোনো ব্যানারও।

সাফে এবার অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না পারায় খেলতে পারছে না নেপাল। ফলে ৬ দল নিয়েই মাঠে গড়াচ্ছে এবারের আসর।

জানা গেছে, সোমবার থেকেই বিদেশী দলগুলো ঢাকায় আসতে শুরু করবে। প্রথম দল হিসেবে ভুটানের আসার কথা রয়েছে। আগামীকাল অন্য দলগুলোও ঢাকায় পৌঁছাবে।

সাফের এবারের আয়োজনে বেশ কিছু নতুনত্ব থাকছে। টুর্নামেন্টের স্বত্ব নিয়েছে টিএসএ নামের একটি প্রতিষ্ঠান। তাদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সাফে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।

সাফ অঞ্চলে ভিএআর পরিচালনায় অভিজ্ঞ রেফারি না থাকায় আসিয়ান অঞ্চল থেকে আসবেন ১২ জন রেফারি—ছয়জন মূল রেফারি ও ছয়জন সহকারী রেফারি। এএফসি ভিএআর ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সহায়তা দেবে।

সবকিছু ঠিক থাকলে সেমিফাইনাল ও ফাইনালে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে মাঠের প্রযুক্তির পাশাপাশি গ্যালারির শৃঙ্খলাতেও এবার বিশেষ নজর থাকবে। 

এএফসির প্রতিনিধি মাঠে উপস্থিত থেকে দর্শকদের আচরণ পর্যবেক্ষণ করবেন। গ্যালারি থেকে ঢিল বা বোতল মাঠে ছুড়ে মারা হলে সেটির দায় বাংলাদেশের ওপর পড়তে পারে এবং জরিমানার মুখে পড়তে হতে পারে দেশকে।

শুধু বস্তু ছোড়াই নয়, গ্যালারিতে অশ্রাব্য ভাষা ব্যবহার বা আপত্তিকর আচরণ নিয়েও কঠোর অবস্থানে থাকবে কর্তৃপক্ষ। খেলার ফল পছন্দ না হওয়া কিংবা গোলের সুযোগ নষ্ট হওয়াকে কেন্দ্র করে গালাগাল বা আপত্তিকর চিৎকার করলেও তা নজরে আসতে পারে এএফসি প্রতিনিধিদের।

স্টেডিয়ামে ধর্মীয় কোনো প্ল্যাকার্ডও নেয়া যাবে না। একইভাবে রাজনৈতিক কোনো ব্যানার বা প্ল্যাকার্ড প্রদর্শনের অনুমতি থাকবে না। এমন কিছু চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, এক দিনে দুইটি ম্যাচ হলেও টিকিটের দাম ১ হাজার টাকা হওয়ায় সমালোচনা রয়েছে। তবে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল জানিয়েছেন, এবারের আয়োজনের ব্যয় বেড়ে যাওয়ায় টিকিটের দামও নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী।

এর মধ্যেই বাংলাদেশের জন্য এসেছে দুঃসংবাদ। চোটের কারণে সাফে খেলতে পারছেন না যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত রোনান সুলিভান। কলেজের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর চিকিৎসা পরীক্ষায় তার চোট ধরা পড়ে।

তাই তাকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে তাকে ছাড়াই বিকল্প পরিকল্পনায় এগোতে হবে বাংলাদেশকে।